শিশুদের ক্ষতি করার দায়ে যুক্তরাষ্ট্রে গুগল-মেটাকে জরিমানা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি আদালত সামাজিক যোগাযোগমাধ্যমের ডিজাইন শিশুদের জন্য ক্ষতিকর হওয়া নিয়ে গুগল ও মেটাকে দায়ী করেছে। রায়ে মোট ৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে মেটাকে ৪ দশমিক ২ মিলিয়ন এবং গুগলকে ১ দশমিক ৮ মিলিয়ন ডলার দিতে হবে। যদিও এই অঙ্ক দুই প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতার তুলনায় ছোট, মামলাটি ভবিষ্যতের অনুরূপ মামলা জন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
মামলাটি দায়ের করেছিলেন এক তরুণী, যিনি অপ্রাপ্তবয়স্ক অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়েছিলেন। তিনি আদালতে জানান, ইউটিউব ও ইনস্টাগ্রামের ‘ইনফিনিট স্ক্রল’সহ বিভিন্ন ফিচার দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীদের প্ল্যাটফর্মে যুক্ত রাখে।
জুরি মনে করেছে, এই ধরনের ডিজাইন ব্যবহারকারীদের আচরণকে প্রভাবিত করে এবং ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দেওয়া হয়নি। ফলে প্রতিষ্ঠানগুলো অবহেলার দায় এড়াতে পারবে না। মামলায় গুরুত্বপূর্ণ ছিল প্ল্যাটফর্মের কাঠামো, কারণ সাধারণত যুক্তরাষ্ট্রের আইনে ব্যবহারকারীর তৈরি কনটেন্টের জন্য প্রযুক্তি প্রতিষ্ঠান দায়মুক্ত থাকে।
বিশ্লেষকদের মতে, এই রায় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং ভবিষ্যতে একই যুক্তিতে আরও মামলা হতে পারে। গুগল ও মেটা রায়ের সঙ্গে একমত নন এবং আপিলের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে স্ন্যাপ ও টিকটক মামলার প্রাথমিক পর্যায়ে সমঝোতায় পৌঁছায় এবং বিচার প্রক্রিয়ায় অংশ নেনি।
গত দশকে যুক্তরাষ্ট্রে শিশু ও কিশোরদের অনলাইন নিরাপত্তা নিয়ে সমালোচনা বৃদ্ধি পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই রায়ের ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্ল্যাটফর্মে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে এবং নতুন নীতিমালা তৈরি করতে হতে পারে।