স্কুল ফিডিংয়ে পচা ডিম বিতরণের অভিযোগে তদন্ত কমিটি
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে পচা ডিম ও নিম্নমানের কলা বিতরণের অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ৪ মে একটি অনলাইন সংবাদমাধ্যমে শিক্ষার্থীদের মাঝে পচা ডিম বিতরণের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে বিষয়টি। একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত নোটিশে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জ উপজেলার স্কুল ফিডিং কার্যক্রমে নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা উদ্বেগজনক। অভিযোগের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটিকে দ্রুত সরেজমিনে তদন্ত করে মতামতসহ প্রতিবেদন সাত কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর অভিযোগের সত্যতা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।